তালায় নিজের ভাই ও চাচাতো ভাইদের বাঁশের বেড়া ও উঁচু দেওয়ালে কার্যত গৃহবন্দী এক পরিবার
শামীম খান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি -তালা উপজেলার মহান্দী শেখ পাড়ায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এক পরিবারের বাড়ির চারপাশে বাঁশের বেড়া ও উঁচু দেওয়াল নির্মাণের মাধ্যমে চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে করে ওই পরিবারটি কার্যত গৃহবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।
ভুক্তভোগী হলেন মো: হাফিজুর রহমান শেখ (পিতা: মৃত আরশাদ আলী শেখ), গ্রাম: মহান্দী শেখ পাড়া। অভিযোগে বলা হয়, তার বাড়ির চারপাশে পরিকল্পিতভাবে বাঁশের বেড়া দেওয়া হয়েছে এবং কিছু অংশে উঁচু দেওয়াল তুলে একমাত্র বের হওয়ার পথ সম্পূর্ণভাবে রুদ্ধ করে দেওয়া হয়েছে।
এ ঘটনায় অভিযুক্তরা হলেন হাফিজুর রহমান শেখের নিজের ভাই আকবার শেখ, মফিজুল শেখ ও মগবুল শেখ। এছাড়াও তার চাচাতো ভাই আসাদুল শেখ ও সিদ্দিক (পিতা: আবুল শেখ) এই বেড়া ও দেওয়াল নির্মাণের সঙ্গে জড়িত আছে বলে অভিযোগ করেন হাফিজুর ।
ভুক্তভোগী পরিবার জানায়, বাড়ি থেকে বের হতে না পারায় তাদের স্বাভাবিক জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। চিকিৎসা, জরুরি প্রয়োজনে বাইরে যাওয়া এবং সামাজিক যোগাযোগ প্রায় বন্ধ হয়ে গেছে। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি বলে জানান তারা।
এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান,
“অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ভুক্তভোগী পরিবার দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে অবৈধভাবে দেওয়া বাঁশের বেড়া অপসারণের মাধ্যমে স্বাভাবিক চলাচলের পথ উন্মুক্ত করার দাবি জানিয়েছেন।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































